ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। সফরের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিকসের প্রচলিত নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের এই সম্মেলনের বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ বর্তমানে আঞ্চলিক জোট ‘বিমসটেক’-এর চেয়ারম্যানের দায়িত্বে থাকায় সেই সূত্রে এই আমন্ত্রণ জানানো হয়েছে। গত ১৪ জুলাই ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়।
তবে এই আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ব্রিকসে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে নয়, বরং বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া সরকার গঠনের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দ্বিপক্ষীয় সফরের একটি প্রাথমিক আমন্ত্রণ বার্তা পাঠানো হয়েছিল। সরকার এখন উভয় আমন্ত্রণের বিষয়টি বিবেচনা করে দেখছে।