প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ ১২:১১ (বুধবার)
মেসির দুলাভাই হলেন রোনাল্দো!

ছবি: সংগৃহীত

ফুটবলের মাঠে গোলের পর গোল করে বিশ্বজয় করেছেন। রেকর্ড ভেঙেছেন, ট্রফি জিতেছেন, ব্যালন ডি’অর উঠেছে হাতে পাঁচবার। কিন্তু এবার জীবনের সবচেয়ে বড় ‘ফাইনাল’টাও জিতে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো; বিয়ে করলেন দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে।

৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার জীবনে মঙ্গলবার এলো সেই বহুল প্রতীক্ষিত দিন। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে একেবারে পারিবারিক ও ব্যক্তিগত আয়োজনে জর্জিনার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো। অর্থাৎ, ফুটবল দুনিয়ার ‘সিআর সেভেন’ এবার থেকে আনুষ্ঠানিকভাবেই জর্জিনার স্বামী। আর মজার ব্যাপার হলো; আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া জর্জিনার হাত ধরে রোনালদো হয়ে গেলেন অনেকটা ‘আর্জেন্টিনার জামাই’ও!

তবে ফুটবলপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে, রোনালদোর জীবনে জর্জিনার প্রবেশটা হয়েছিল অনেকটা সিনেমার দৃশ্যের মতো। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই পরিচয়। এরপর পরিচয় গড়াল প্রেমে, প্রেম পেরিয়ে হলো পরিবার, আর এবার সেই গল্পের শেষ অধ্যায়ে এসে লেখা হলো—‘স্বামী-স্ত্রী’।

বাগ্‌দানেরও এক বছর পূর্ণ হওয়ার দিনে বিয়েটা করলেন তাঁরা। গত বছরের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি পরা হাতের ছবি দিয়ে জানিয়েছিলেন, রোনালদো তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবার ঠিক এক বছর পর সেই হাতেই পরল বিয়ের আংটি। বলা যায়, গতবার ছিল ‘হ্যাঁ’, এবার হলো ‘কবুল’!

বিয়ের খবরটি নিশ্চিত করেছে রোনালদোর প্রতিনিধিরা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া। সেখানে উপস্থিত ছিলেন দম্পতির পাঁচ সন্তান। অর্থাৎ, মাঠের দর্শকশূন্য স্টেডিয়ামের মতো গোপনীয় আয়োজন; তবে পরিবারের সদস্যরা ছিলেন একেবারে ভিআইপি গ্যালারিতে।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও পোস্ট করেছেন রোনালদো। ছবিতে জর্জিনার হাতের ওপর তাঁর হাত, দুজনের অনামিকায় আংটি। ক্যাপশনে ‘সি’ ও ‘জি’-এর মাঝখানে ভালোবাসার ইমোজি। ব্যস, আর কী লাগে! ফুটবল তারকার ভক্তরা ছবিটুকু দেখেই বুঝে গেলেন; সিআর সেভেনের জীবনে এবার নতুন ‘চ্যাম্পিয়নশিপ’ শুরু।

বিয়ের স্থান নিয়েও অবশ্য কম নাটক হয়নি। পর্তুগিজ সংবাদমাধ্যমে আগে গুঞ্জন ছিল, লিসবনের বাইরে সিনত্রা কিংবা রোনালদোর জন্মভূমি মাদেইরায় হতে পারে বিয়ে। এমনকি মাদেইরার ফুনশালের একটি গির্জায় রোনালদোর বিয়ে হচ্ছে; এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে শত শত মানুষ ভিড়ও করেন। কিন্তু শেষ পর্যন্ত বর-কনে সেখানে হাজির হননি। হাজির হয়েছিল শুধু মানুষের কৌতূহল!

শেষমেশ লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে সৈকত শহর কাসকাইসকে বিয়ের জন্য বেছে নেন রোনালদো-জর্জিনা। সেখানে তাঁদের একটি ভিলাও রয়েছে। অর্থাৎ, বিয়ের মাঠও নিজের পছন্দের; হোম ভেন্যুতে খেলেই ট্রফি জিতলেন রোনালদো!

জর্জিনার সঙ্গে রোনালদোর প্রেমের গল্পও কম রোমান্টিক নয়। জর্জিনার ভাষায়, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’। ২০২৫ সালে ভোগ অ্যারাবিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রোনালদোর সান্নিধ্যে আসার পর তাঁর মনে হয়েছিল; তাঁরা যেন একে অপরকে চিরকাল ধরে চেনেন।

২০১৭ সালের জানুয়ারিতে ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার অনুষ্ঠানে প্রথমবার দুজনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। একই বছর মে মাসে জর্জিনার সঙ্গে সম্পর্কের কথা কার্যত প্রকাশ্যে আনেন রোনালদো। এরপর কেটে গেছে প্রায় এক দশক। প্রেম, সন্তান, সুখ-দুঃখ; সবকিছুর পর এবার সেই সম্পর্কে পড়ল বিয়ের সিলমোহর।

এই দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি। ফুটবল ও ফ্যাশন; দুই জগতেই তাঁরা বিশ্বজোড়া পরিচিত। তাঁদের রয়েছে ফ্যাশন ব্র্যান্ড, হোটেলসহ নানা খাতে বিনিয়োগ।

রোনালদোর পরিবারও কম বড় নয়। বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে জন্ম নেয়। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ইভা মারিয়া ও মাতেও। একই বছর জর্জিনার কোলে আসে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে জর্জিনার গর্ভে জন্ম নেয় যমজ বেলা ও অ্যাঞ্জেল। দুর্ভাগ্যজনকভাবে জন্মের কিছুক্ষণ পরই মারা যায় অ্যাঞ্জেল।

মাঠের রোনালদো এখনো অবশ্য থামেননি। পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোল করা এই মহাতারকা ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস মাতিয়ে এখন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন। পাঁচটি ব্যালন ডি’অর, পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ রয়েছে অসংখ্য শিরোপা ও রেকর্ড।

তবে এতদিন ফুটবলের মাঠে যত ‘গোল’ করেছেন, এবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি যেন করলেন জর্জিনার হৃদয়ে। ফুটবল ক্যারিয়ারে রোনালদোর ট্রফির আলমারি যতই ভরা থাকুক, সংসারের এই নতুন ট্রফির মাহাত্ম্য যে আলাদা; তা বুঝতে নিশ্চয়ই কোনো ভিএআর লাগবে না!

আর আর্জেন্টিনায় জন্ম নেওয়া জর্জিনার হাত ধরে পর্তুগালের এই কিংবদন্তি এখন সত্যিই এক অর্থে ‘আর্জেন্টিনার জামাই’। মেসির দেশের জামাই হয়ে রোনালদো শেষ পর্যন্ত কোন দলে গোল করবেন; এই প্রশ্নের উত্তর অবশ্য এখনো বিয়ের মঞ্চেই আটকে আছে!