প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ ১২:১৬ (বুধবার)
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন বাড়ির মালিক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাদের গৃহপরিচারিকা।

নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের চার সন্তান রয়েছেন। তারা সবাই প্রবাসে বসবাস করেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। দুপুর ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রাথমিক তদন্ত চালায়।

নিহতের এক ভাগ্নে মুন্না জানান, সকালে প্রতিবেশীরা তাদের কথাবার্তা শুনেছেন। এ তথ্যের ভিত্তিতে দিনের কোনো একসময় তাদের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।