বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সিলেট মহানগরে দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা, সেবার মানহীনতা ও নানা ভোগান্তি নিয়ে নগরবাসীর অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধান, সেবার মানোন্নয়ন এবং কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
প্রসঙ্গত, সিলেট মহানগরে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠিত হয় ২০২২ সালের ২ মার্চ। প্রতিষ্ঠার পর সরকার ডা. এ কে এম হাফিজকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক এবং নাক, কান ও গলা বিভাগের সাবেক প্রধান ছিলেন।