ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে। প্রকাশ্য ভোট গ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী পরাজয় নিশ্চিত জেনেও এরই মধ্যে জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম প্রকাশ করেনি। তবে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা এবং বিতর্কের ঊর্ধ্বে থাকার বিষয়গুলো বিবেচনায় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য বলেন, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে বেছে নেওয়া হবে, যাঁর রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এবং সাংবিধানিক দায়িত্ব পালনে দক্ষতার পাশাপাশি সবার কাছে গ্রহণযোগ্যতা আছে। তাঁদের মতে, এসব বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এগিয়ে রয়েছেন।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাঁকে সরে দাঁড়াতে হবে। এতে বিএনপি ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, মহাসচিবের পদ শূন্য হলে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দলের সপ্তম জাতীয় কাউন্সিল করার পরিকল্পনার কথা জানিয়েছে। ফলে কাউন্সিলের আগ পর্যন্ত রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকতে পারেন।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিএনপির মধ্যে বেশ কিছুদিন ধরেই সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। শুরুতে একাধিক নেতার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৭ আগস্ট সংসদের এ অধিবেশন শুরু হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিএনপির কোনো নেতা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন। আগামী ২০ আগস্টের ভোটের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।