সিলেটে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে জুয়ার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এমন খবরে র্যাবের একটি দল গোলাপগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের মোঃ জুরু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৮), এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মৃত পীযুষ কান্তি পালের ছেলে প্রদীপ পাল (৩৪), গিয়াস উদ্দিনের ছেলে মোঃ জাহান উদ্দিন (২৯) ও ইছাকের ছেলে টাকু সেন (২৯)।
র্যাব জানায়, তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন যাচাই করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।