সিলেট বিভাগে হাম পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৪ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ছিল ২ বছর। সে হবিগঞ্জের বাসিন্দা এবং হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এদিকে একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ৯৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৩ ও ২ জন ভর্তি হয়েছেন। মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও ৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন ভর্তি রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং অন্যান্য জেলা ও উপজেলা হাসপাতালে আরও রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জে ১৩০ জন, মৌলভীবাজারে ১৩৩ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে নিশ্চিত হাম রোগীর হিসাবে রুবেলার দুজন রোগীর তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মৃত্যুর দিক থেকেও সুনামগঞ্জ জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে।