প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ ১৯:৩৯ (শুক্রবার)
সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুলকে জেল হাজতে প্রেরণ

ছবি: ইমজা নিউজ

সিলেট নগরীর রায়নগরে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত বাবুল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত গৃহকর্মী তাহমিনার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনি থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল স্বীকার করেছে যে, বুধবার সকালে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলা’য় সে প্রবেশ করে। সেখানে গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবুল তাহমিনাকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে প্রবীণ দম্পতি আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম এগিয়ে এলে তাদেরও নির্মমভাবে কুপিয়ে হত্যা করে বাবুল।

বৃহস্পতিবার সকালে বাবুলের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরাটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। তাঁর চার সন্তানের মধ্যে তিন মেয়ে ও এক ছেলে প্রবাসে থাকেন। আজ দুপুরে যুক্তরাজ্য থেকে দুই মেয়ে সিলেটে পৌঁছান এবং ওসমানী হাসপাতাল থেকে মা-বাবার মরদেহ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রবাসী ছেলে আরিফ ইফতেখার আগামীকাল দেশে পৌঁছানোর পর এ ঘটনায় মামলা দায়ের করা হবে। বর্তমানে সংশ্লিষ্ট বাড়িটিতে কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।