ছবি: সংগৃহীত
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের ৫টি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এসব নির্বাচনের জন্য প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শ্রীমঙ্গলের পর্যটন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে এই সফর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য হাতে নেওয়া সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের মধ্যে মৌলভীবাজারের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে পর্যটন নগরীর রাস্তাঘাট প্রশস্তকরণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এছাড়া ভিক্টোরিয়া মাঠের একপাশে প্রবীণদের জন্য মনোরম পরিবেশ এবং শিশু উদ্যানে ওয়াকওয়েসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে। ছোট অফিসগুলো এটি মানছে কি না, তা প্রতি ছয় মাস পর পর বিদ্যুৎ বিল যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে।
এছাড়া শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন ৭ তলা আবাসন প্রকল্প পরিদর্শন করে তিনি আবাসন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
সফরের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের ঘোষণা দেন। তিনি জানান, জনবসতি থেকে দূরে পরিবেশসম্মত স্থানে ময়লার ভাগাড় স্থানান্তর করা হবে। পুরনো ভাগাড়ের স্থানে আধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে, যেখান থেকে বর্জ্য ব্যবহার করে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মিজান রহমান মিজানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।