ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথ উপজেলার জয়নগর (নোয়াপাড়া) এলাকায় ছাগল চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের মৃত লয়লুছ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত আসামীরা হলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পুষণী গুচ্ছগ্রামের বাসিন্দা আবারক (৪০) এবং দ্বীপবন্দ বিলপাড় গ্রামের মনু মিয়ার ছেলে কাহার (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে আব্দুল্লাহ আল মামুনের ছাগলটি সিএনজিতে তুলে চম্পট দেন আবারক ও কাহার। ছাগলটির বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এ ঘটনায় ছাগলসহ তাদের দুইজনকে আটক করা হয়েছে এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।