ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকেট’ ড্র-তে আবারও ভাগ্য খুলেছে প্রবাসী বাংলাদেশিদের। এবার লটারির ২৮৯তম সিরিজের ড্র-তে সান্ত্বনা পুরস্কার হিসেবে ১ লাখ দিরহাম করে জিতেছেন দুই বাংলাদেশি, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকারও বেশি।
এছাড়া লটারির মেগা জ্যাকপটে জয়ী এক ফিলিপিনো প্রবাসীর দলেও অংশীদার হিসেবে রয়েছেন আরও একজন বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (১৪ আগস্ট) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লটারিতে জয়ী দুই বাংলাদেশির একজন হলেন ৩৮ বছর বয়সী আরিফুজ্জামান শুভ। গত ১৭ বছর ধরে তিনি আজমানে বসবাস করছেন এবং সেখানে একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। লটারি জয়ের খবর পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শুভ বলেন, ‘বিগ টিকেট থেকে যখন ফোন আসে, আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। সত্যিই আমি জিতেছি কি না, তা বিশ্বাস করতে আমার কিছুটা সময় লেগেছে। আমি ভীষণ খুশি।’
বিগত দুই বছর ধরে নিজের ও পরিবারের ভবিষ্যতের আশায় নিয়মিত লটারি কাটতেন শুভ। ১০ বন্ধুর একটি গ্রুপ মিলে প্রতি মাসে নিয়ম করে টিকেট কিনতেন তারা। দীর্ঘ প্রতীক্ষার পর সেই ধৈর্যই তাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেল। তবে পুরস্কারের টাকা এখনই খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার পরিকল্পনা করেছেন এই প্রবাসী।
শুভ ছাড়াও একই সিরিজে ১ লাখ দিরহাম জিতেছেন আরেক বাংলাদেশি নাগরিক সবুজ মোহাম্মদ দেলোয়ার মুন্সী। উল্লেখ্য, ২৮৯তম সিরিজে যে পাঁচজন সান্ত্বনা পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে এই দুই বাংলাদেশি ছাড়া বাকি তিনজনই ভারতের কেরালার বাসিন্দা।
এদিকে এবারের ড্র-তে ২০ মিলিয়ন দিরহামের মেগা জ্যাকপট জিতেছেন দুবাই প্রবাসী ফিলিপিনো নাগরিক রেনাল্ডো হারবসো। তবে এই বিশাল অংকের পুরস্কার তিনি একা পাচ্ছেন না। রেনাল্ডোর ১০ জনের একটি গ্রুপ এই টিকেটটি কিনেছিলেন, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ফলে ২০ মিলিয়ন দিরহামের একটি বড় অংশ ওই প্রবাসীর ঘরেও যাচ্ছে।
বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসজুড়ে প্রবাসীদের জন্য থাকছে আরও আকর্ষণীয় সব পুরস্কার। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১৫ মিলিয়ন দিরহাম। ওই একই সন্ধ্যায় আরও ৫ জন লটারিতে ১ লাখ দিরহাম করে জেতার সুযোগ পাবেন। এছাড়া প্রতি সপ্তাহে ২৫ হাজার দিরহামের ই-ড্র এবং ৩ অক্টোবরের ‘দ্য বিগ স্পিন’ প্রতিযোগিতায় ১ মিলিয়ন দিরহাম পর্যন্ত জেতার সুযোগের জন্য প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।