প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ ২১:৫৮ (রবিবার)
কুষ্টিয়ায় এমপির গাড়িতে হামলা: জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় ও দলীয় সভাপতির ব্যক্তিগত অফিসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আমির হামজা 'গণঅধিকার পরিষদ দুজনের দল'-এমন মন্তব্য করায় দলটির পক্ষ থেকে এমপির বাসভবনের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। বিকেল ৫টা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমপি আমির হামজা পুলিশ প্রটোকল নিয়ে বাড়ি ফেরার পথে বিক্ষোভকারীরা তার গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির কাঁচ ভেঙে যায় এবং ইটের আঘাতে এমপির স্বজনসহ বেশ কয়েকজন আহত হন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে শহরের হাইস্কুল মার্কেটে অবস্থিত গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা চালায়। পরবর্তীতে তারা মিছিল সহকারে ছয় রাস্তার মোড়ে হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল খালেকের ব্যক্তিগত অফিসে ভাঙচুর চালায়।

এমপি আমির হামজা অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে, গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকিরের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এমপির সমর্থকরাই উসকানি দিয়ে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।