ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন চমক নিয়ে এলো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ভিডিও নির্মাতা ও ক্রিয়েটরদের কাজ আরও সহজ ও ফলপ্রসূ করতে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বিশেষ অ্যাপ।
নতুন অ্যাপটি ক্রিয়েটরদের ভিডিও বা পোস্টের দর্শক বাড়াতে এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের মাঝে পরীক্ষামূলক পর্যায় শেষে এটি আইওএস (অ্যাপল) প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।
অ্যাপটির প্রধান আকর্ষণ হচ্ছে এর নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্যকারীটি ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেবে। আগে পেজের পারফরম্যান্স বুঝতে ক্রিয়েটরদের জটিল চার্ট ও ডেটা নিয়ে হিমশিম খেতে হতো, কিন্তু এখন তারা সরাসরি এআই-কে প্রশ্ন করতে পারবেন। যেমন—কখন পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে কিংবা দর্শকরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, তা এআই মুহূর্তেই জানিয়ে দেবে।
মেটার এই উদ্যোগের মূল লক্ষ্য হলো টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং ক্রিয়েটরদের নিজস্ব প্ল্যাটফর্মে ধরে রাখা। ক্রিয়েটররা যেন কাজের আইডিয়া বা বিশ্লেষণের জন্য চ্যাটজিপিটির মতো অন্য কোনো টুলের ওপর নির্ভর না করেন, সে বিষয়টি মাথায় রেখেই মেটা এই স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করেছে। অ্যাপটিতে থাকা ‘এআই কমেন্ট টুল’ গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো খুঁজে বের করার পাশাপাশি ক্রিয়েটরের নিজস্ব শৈলী অনুযায়ী উত্তরের একটি খসড়াও তৈরি করে দিতে সক্ষম।
ব্যবহারিক সুবিধার কথা মাথায় রেখে অ্যাপটিতে প্রতিদিনের জরুরি কাজের একটি তালিকা বা টু-ডু লিস্টের সুবিধাও রাখা হয়েছে। এতে আগের পোস্টের ফলাফল, লক্ষ্যের অগ্রগতি এবং কোন মন্তব্যে গুরুত্ব দেওয়া প্রয়োজন, তার সব তথ্য সাজানো থাকবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। উল্লেখ্য, মেটা সম্প্রতি ফেসবুক গ্রুপের জন্য ‘ফোরাম’, ছবি শেয়ারিং অ্যাপ ‘ইনস্ট্যান্টস’ এবং শিশুদের জন্য ‘স্টোরিকিট’-এর মতো আরও বেশ কিছু ইনোভেটিভ অ্যাপ বাজারে এনেছে।