পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে আইনের শাসনকে প্রাধান্য দেওয়ার এক নজিরবিহীন ঘটনা ঘটল সিলেটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও নিজের আপন ছোট ভাই গ্রেপ্তার হওয়ায় ক্ষোভ প্রকাশের বদলে উল্টো পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান এম এন শাওন সাদেকী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজার পৌরশহর থেকে অভিযান চালিয়ে তার ছোট ভাই মনির সিদ্দিকীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মনির সিদ্দিকী বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের পূর্বপার গ্রামের বাসিন্দা।
ছোট ভাইয়ের গ্রেপ্তারের খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্যতিক্রমী পোস্ট দেন ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী। নিজ টাইমলাইনে দেওয়া সেই পোস্টে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতা মনির সাদেকীকে গ্রেপ্তার করার জন্য সিলেটের এসপি ড. চৌধুরী মো. সাদেক সাহেব ও বিয়ানীবাজার থানার ওসিকে ধন্যবাদ।’
সাধারণত আপন স্বজন কিংবা দলীয় সদস্য গ্রেপ্তার হলে প্রতিবাদ বা তদবিরের চিত্র দেখা গেলেও, ন্যাপ চেয়ারম্যানের এমন ভিন্নধর্মী অবস্থান ও নীতিগত সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চার জন্ম দিয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছোট ভাইয়ের গ্রেপ্তারে পুলিশকে ধন্যবাদ জানানোর এই ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।