প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ ১৩:৫৬ (রবিবার)
সিলেটে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটেও আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। একই সময়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৪০ মিলিমিটার।

ঢাকায় আজ বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।