ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও প্রয়াত দিয়েগো ম্যারাডোনার একসময়ের সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশে আসছেন।
আগামীকাল সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে ৩৬টি স্কুল নিয়ে আয়োজিত হয়েছে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল (বিআইটি) ও ঢাকা নৌবাহিনী কলেজ।
ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে সমাপনী আয়োজন। ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল ৩টা ১৫ মিনিটে। ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। সেখানেই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে।
সমাপনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ৫৯ বছর বয়সী ক্লদিও ক্যানিজিয়া। ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন অবদান রাখা এই তারকা এবার বাংলাদেশে আসছেন তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে।
১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ক্যানিজিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৫০টি ম্যাচ খেলে ১৬টি গোল করেন। বিশ্ব ফুটবলে তার খ্যাতি ও অভিজ্ঞতা স্কুল পর্যায়ের খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ সফরকালে ক্যানিজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। তৃণমূল পর্যায়ে দেশের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী শেষে বিকেল সাড়ে ৫টায় আয়োজক এবং বিশেষ অতিথি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কিংবদন্তি এই আর্জেন্টাইন তারকার উপস্থিতিতে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ভিন্ন মাত্রা পাবে বলে আশা করছেন আয়োজকরা।