প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ ২০:৪৪ (রবিবার)
বাংলাদেশকে নিয়ে সবচেয়ে ইতিবাচক পাকিস্তান, নেতিবাচক ভারত: রিসার্চ

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে নিয়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের বৈচিত্র্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে।

প্রতিবেদনে দেখা গেছে, প্রতিবেশীদের মধ্যে পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের মানুষের ধারণা নেতিবাচক হলেও, ঢাকাকে নিয়ে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ইসলামাবাদ। বিপরীতে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক মনোভাব আগের চেয়ে লক্ষণীয়ভাবে কমেছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন।

এছাড়া শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা রাখেন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৯ পয়েন্ট বেশি। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের নাগরিকদের মধ্যেই ঢাকাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ও ইতিবাচকতা লক্ষ্য করা গেছে।

তবে এই চিত্রের ঠিক উল্টো চিত্র দেখা গেছে ভারতের ক্ষেত্রে। জরিপে অংশ নেওয়া ভারতীয়দের মাত্র এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ নাগরিক বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

উদ্বেগের বিষয় হলো, ২০২৪ সালের পর থেকে ভারতের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা ১০ পয়েন্ট হ্রাস পেয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের নাগরিকদের এই নেতিবাচক অবস্থান দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কের শীতলতার ইঙ্গিত দিচ্ছে।

গবেষণায় আরও দেখা গেছে, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যে ধর্মীয় পরিচয় একটি বড় ভূমিকা পালন করছে। ভারতে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিমদের মধ্যে বাংলাদেশ নিয়ে ইতিবাচক ধারণা অনেক বেশি।

পরিসংখ্যান বলছে, ভারতের ৪১ শতাংশ মুসলিম বাংলাদেশের প্রতি সহমর্মী বা ইতিবাচক, যেখানে হিন্দু নাগরিকদের মধ্যে এই হার মাত্র ২৩ শতাংশ। সার্বিকভাবে বয়স, শিক্ষা ও ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা প্রতিবেশী দেশগুলোর একে অপরের প্রতি ধারণার ক্ষেত্রে প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।