ছবি: সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উড্ডয়ন করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটটির ১২৭ জন যাত্রী। তবে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭২ ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নির্ধারিত উড্ডয়ন সময় ছিল বিকেল ৪টা।
তবে উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি রানওয়েতে পাঠানো সম্ভব হয়নি এবং সেটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়। ফলে নির্ধারিত সময়ের পর দীর্ঘ সময় ধরে কাঠমান্ডু বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে ১২৭ যাত্রীকে।
আটকে পড়া যাত্রী মো. নুরুজ্জামান বলেন, বিকেল ৪টায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তারা দেশে ফিরতে পারেননি। কখন ফ্লাইটটি ছাড়বে, সে বিষয়ে দীর্ঘ সময়েও সংশ্লিষ্টদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিজি-৩৭২ ফ্লাইটটি কাঠমান্ডু বিমানবন্দরে গ্রাউন্ডেড রয়েছে। আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে রাত ১০টার দিকে ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওই উড়োজাহাজে করেই আটকে পড়া ১২৭ যাত্রীকে ঢাকায় ফিরিয়ে আনা হবে।
এদিকে এর আগে আগস্ট মাসের শুরুতে যান্ত্রিক ত্রুটির কারণে কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৩০৬) ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে ছিল। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটিতে প্রায় ২৬২ জন যাত্রী ছিলেন। পরে ঢাকা থেকে প্রকৌশলী দল ও যন্ত্রাংশ পাঠিয়ে ত্রুটি সারানোর পর ফ্লাইটটি ঢাকায় নিরাপদে ফিরে আসে। এর পর এবার কাঠমান্ডুতে একই ধরনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের কারিগরি সক্ষমতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তবে কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিমান কর্তৃপক্ষ। ফলে রাতেই তাদের ঢাকায় ফিরিয়ে আনার প্রত্যাশা করা হচ্ছে।