প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ ২১:২৩ (রবিবার)
মৎস্য সম্পদ নিয়ে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি লুনা

ছবি: সংগৃহীত

মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ও পরিবেশবান্ধব চাষ পদ্ধতির সম্প্রসারণ, উন্নতমানের পোনা ও রেণুসহ অন্যান্য উপকরণের সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণ প্রদান সরকারের অন্যতম অগ্রাধিকার। ‘জাল যার, জলা তার’ নীতির আলোকে জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মৎস্য আহরণ নিষিদ্ধ মৌসুমে জেলেদের খাদ্য সহায়তা প্রদান, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক কার্ড প্রদান এবং মৎস্য বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। একই সঙ্গে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল খনন ও পুনঃখনন, অবক্ষয়িত জলাশয় পুনরুদ্ধার, অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপন এবং দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মৎস্যজীবীদের উদ্দেশে তাহসিনা রুশদী লুনা বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এসব প্রশিক্ষণে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। এতে আপনারা অনেক উপকৃত হবেন। আমরা সর্বদা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন। কখন কী সুযোগ সৃষ্টি হয়, সেসব সুযোগ আপনারা গ্রহণ করবেন।’

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, যুগ্ম-সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।