প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ১৪:১৫ (সোমবার)
যে শর্তে নিবন্ধন পেতে যাচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ব্যাটারিচালিত অটোরিকশাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় এনে নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিবন্ধন পেতে হলে এসব রিকশার ব্যাটারি শুধু সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উপায়ে ব্যাটারি চার্জ করলে নিবন্ধন দেওয়া হবে না। এমনকি নিবন্ধন নবায়নও করা হবে না।

সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিলেও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশার বিষয়ে আইন পাস হয়েছে। এখন এর বিধিমালা তৈরির কাজ চলছে।

তিনি বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে কিছু শর্ত থাকবে। এর মধ্যে অন্যতম হলো, রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করলে সংশ্লিষ্ট রিকশার নিবন্ধন দেওয়া হবে না। একইভাবে আগে নিবন্ধিত রিকশার নিবন্ধনও নবায়ন করা হবে না।

তিনি আরও জানান, নতুন বিধিমালায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ফি, নিবন্ধন নবায়ন ফি এবং শর্ত ভঙ্গের ক্ষেত্রে জরিমানার বিধান রাখা হবে।