প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ১৯:৫১ (মঙ্গলবার)
কোম্পানীগঞ্জে ধলাই সেতু রক্ষায় অভিযান: বিপুল বালু জব্দ

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ধলাই সেতু রক্ষায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ধলাই সেতুর পূর্ব পাড় এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ১২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত এই বালু পরবর্তীতে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে।

অভিযানে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই সেতুর নিচ থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই চক্রটি নদীর তীরে বালু স্তূপ করে রেখে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি সিন্ডিকেট তাদের কাছ থেকে বালু বাণিজ্যের জন্য প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা করে আদায় করে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে এই সিন্ডিকেটের সদস্যরা আড়ালে থাকলেও তাদের দৌরাত্ম্যে হুমকির মুখে পড়েছে সিলেটের দীর্ঘতম এই সেতু।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ‘ধলাই সেতু আমাদের গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এটি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সাড়ে ১২ হাজার ঘনফুট বালু জব্দ ও নিলাম করা হয়েছে। এর আগের রাতেও আমরা অভিযান চালিয়েছি। তবে সেতু রক্ষায় কেবল প্রশাসন নয়, স্থানীয় এলাকাবাসীকেও সচেতন ও সোচ্চার হতে হবে।’ জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।