ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। তবে এই সফরের আগেই ভারতের কাছে বেশ কিছু স্পষ্ট ও কঠিন শর্ত জুড়ে দিয়েছে ঢাকা। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েন কাটাতে ‘অনুকূল পরিবেশ’ সৃষ্টির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, দ্বিপক্ষীয় এই সফর সফল করতে হলে প্রথমে একটি সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।
ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের হস্তান্তরের বিষয়টিও শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের এই সফরের প্রস্তুতি চললেও ভারতের মাটিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা ও সংবাদ সম্মেলনে ঢাকার পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ মনে করে, এমন পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনা সম্ভব নয়। তাই সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে এই সংবেদনশীল বিষয়গুলোর সুরাহা এবং ভারতের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ঢাকা।