যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
খেলাধুলার মাধ্যমে ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক জড়তা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ক্রীড়াঙ্গনকে সবকিছুর ঊর্ধ্বে রেখে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ১৩টি ক্রীড়া ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে সরকারের উচ্চপর্যায় থেকে কাজ চলছে। তিনি বলেন, ‘ইতিমধ্যেই ভারতীয় হাইকমিশন এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ক্রীড়া ও রাজনীতি ভিন্ন বিষয়। খেলার মাধ্যমেই আমরা বন্ধুপ্রতিম প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই।’
এ সময় তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের রাজকীয় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দেশের ক্রীড়াঙ্গনের প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে আমিনুল হক জানান, ইতিমধ্যে ২৭টি ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং বাকিগুলোর কাজ দ্রুত গতিতে চলছে। তবে আসন্ন এশিয়ান গেমসের প্রতিনিধি নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, কারণ আগের কমিটি অনেক প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছিল। এই সমস্যা সমাধানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় ভলিবল, জিমন্যাস্টিক্স, কারাতে, হ্যান্ডবল, ভারোত্তোলনসহ ১৩টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।