প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ ১২:১২ (মঙ্গলবার)
সিলেটে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই শীর্ষ নেতা গ্রেফ/তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি রাসেল মিয়া (২৭) এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাসেল মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই দিন রাত ৮টার দিকে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় নিজ বাসা থেকে মোক্তাদির চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

ওসি জানান, গত ১৫ আগস্ট রাতে একটি চা-বাগানে ব্যানার টাঙিয়ে মোক্তাদির চৌধুরী জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন বলে তথ্য পেয়েছে পুলিশ। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার-প্রচারণা আইনত নিষিদ্ধ। তার কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার মোক্তাদির চৌধুরীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।