দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই দিন গণনা সম্পন্ন করে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
সোমবার বিকেলে চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার এ তফসিল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন চেম্বারের বর্তমান প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুসরণ করেই এই তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদি ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং ২৪ জন পরিচালক। পরিচালকদের মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ৩ জন নির্বাচিত হবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। ১৭ সেপ্টেম্বর শুনানি শেষে আপত্তি নিষ্পত্তি করা হবে এবং ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একই সময়ের মধ্যে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে।
৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। কোনো মনোনয়ন বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আপিল করতে পারবেন। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১০ অক্টোবর।
১২ অক্টোবর বিকেল ৪টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা এবং একই দিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নগরের ধোপাদিঘীরপাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে। ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সেখানেই গণনা সম্পন্ন করে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডে দাখিল করা যাবে। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ৯ নভেম্বর এবং ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোনো আপত্তি না থাকলে ওই দিন আগেই ফল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লাবন্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব।
চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন-সংক্রান্ত সকল তথ্য, নির্দেশনা ও বিজ্ঞপ্তি নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধি-২৩ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।