প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ ১৪:৫৮ (মঙ্গলবার)
জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সোমবার তাকে এ পদে মনোনীত করা হয়। বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সিলেট অঞ্চলে গ্যাস বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। নতুন করে সেলিমের এ দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে সিলেটে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় বিএনপি নেতাদের যুক্ত হওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকল।

এ পর্যন্ত সরকার গঠনের পর সিলেটের অন্তত পাঁচজন বিএনপি নেতা বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে রয়েছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।