ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) চালিবন্দর শ্রীশ্রী বিষহরি মন্দির প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘আমরা এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, একটি উন্নত, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবহমানকাল ধরে এ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
শামীম আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই বাংলাদেশের অন্যতম শক্তি। সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে তিনি যেকোনো প্রয়োজনে সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বার্ষিক পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্দিরের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।