ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কদমতলী এলাকায় এক বিশেষ অভিযানে পাঁচটি দূরপাল্লার বাস কাউন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ‘জেদ্দা এক্সপ্রেস’, ‘লন্ডন এক্সপ্রেস’, ‘ইম্পেরিয়াল এক্সপ্রেস’, ‘বেঙ্গল পরিবহন’ এবং ‘প্যারাডাইস এক্সপ্রেস’—এই পাঁচটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, স্লিপার বাস চলাচলের কোনো আইনি অনুমোদন নেই। মূলত অবৈধভাবে এই সেবা পরিচালনা করার অপরাধেই তাদের দণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, পরবর্তীতে এসব বাস চলাচল বন্ধ না করা হলে গাড়িগুলো সরাসরি জব্দ করে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।