প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ ২১:২০ (বুধবার)
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত

ছবি: নিহত মাছুম আহমদ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।

নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, ঘটনার রাতে পুলিশ তাদের বাসায় এসে মাছুমের পরিচয় নিশ্চিত করে এবং জানায় যে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য দেয়নি। বর্তমানে মাছুমের মরদেহ স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর গ্রামের বাড়ি বিশ্বনাথে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। দুপুরে স্থানীয় মসজিদের মাইকে তার মৃত্যুসংবাদ প্রচার করা হয়।

নিহতের বাবা আমির আলী জানান, তার অন্য সন্তানরাও যুক্তরাজ্য প্রবাসী। বর্তমানে মাছুমের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

শোকাতুর পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।