প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ ২০:১০ (বৃহস্পতিবার)
চুয়াডাঙ্গায় দুই সিলেটীসহ পাঁচজনকে পুশ-ইন করেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে দুই সিলেটীসহ পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৯ আগস্ট) ভোরে বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক পাঁচজনের মধ্যে দুই নারী, দুই পুরুষ ও এক শিশু রয়েছে। তারা হলেন- সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা পরিচয় দেওয়া নিয়ান।

স্থানীয়রা জানান, সীমান্ত অতিক্রম করে ওই পাঁচজন জীবননগর শহরের দিকে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন। তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।