ছবি: সংগৃহীত
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
সম্প্রতি এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের অনলাইন প্ল্যাটফর্মে যেকোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে দূতাবাস উল্লেখ করেছে যে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদানের শক্তিশালী মাধ্যম হলেও সঠিক সচেতনতার অভাবে এটি বড় ধরনের আইনি জটিলতার কারণ হতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা কিংবা অন্যান্য সংবেদনশীল বিষয়ে কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। এমন কোনো কন্টেন্ট প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা সংশ্লিষ্ট দেশের আইন পরিপন্থি কিংবা উসকানিমূলক ও বৈষম্যমূলক হিসেবে বিবেচিত হতে পারে।
দূতাবাস আরও সতর্ক করে দিয়ে জানিয়েছে, কোনো ধরনের সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে এমন কর্মকাণ্ড থেকে প্রবাসীদের দূরে থাকা বাধ্যতামূলক। বিদেশের মাটিতে স্থানীয় আইন, সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পরিশেষে, বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সামাজিক যোগাযোগমাধ্যমের সংযত ও আইনসম্মত ব্যবহার প্রবাসীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোমানিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থানরত সকল বাংলাদেশিকে যেকোনো তথ্য প্রচারের আগে সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।