প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ ১৩:৩৪ (বৃহস্পতিবার)
সিলেটে ব্যাপক অভিযানে ধরা ২৭ জন: ১৮৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ আগস্ট (বুধবার) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ মোতাবেক বিভিন্ন ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানকালে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে মোট ১৮৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।