প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ ১৪:২৮ (বৃহস্পতিবার)
সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী

সিলেট নগরের রায়নগরের মিতালী আবাসিক এলাকার আলোচিত ৩ খুনের মামলায় রিমান্ড শেষে আসামী বাবুল মিয়াকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। আদালতে হাজির করার পর প্রাথমিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তাকে বিকেলে আদালতের সামনে জবানবন্দি দেওয়ার জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে এ মামলায় গ্রেপ্তারের পর বাবুল মিয়াকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেয়া হয়। সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহকর্মী তাহমিনা বেগম (১৫)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতদের মেয়ে সেলিনা সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিকভাবে দাবি করে, গৃহকর্মীর সঙ্গে সম্পর্ক বা কথাকাটাকাটির জেরে তিনি ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে হত্যা করেন। তবে নিহত পরিবারের সদস্যরা শুরু থেকেই এ বক্তব্য প্রত্যাখ্যান করে আসছেন। তাদের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া হত্যার দায় স্বীকার করে বর্ণনা দিয়েছেন কীভাবে তিনি তিনজনকে হত্যা করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।