ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ বাংলাদেশ উপহার দেওয়া সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব—এমন মন্তব্য করেছেন বক্তারা। পরিবেশ রক্ষায় মানবিক ও সামাজিক আন্দোলনের পাশাপাশি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভাসমান ডাস্টবিন স্থাপন করেছে দেশ যুব সংগঠন, সিলেট।
এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে।
“বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জৈন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এর আগে সংগঠনের কার্যালয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা, জাতীয় দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাংবাদিক সাজন আহমদ সাজু এবং সাংবাদিক নাজমুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মো. কামাল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং থানা পুলিশের কম্পাউন্ডে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
চারা বিতরণের সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষে আনুষ্ঠানিকভাবে চারা গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লার পক্ষে এএসআই মো: ফুল মিয়া। থানার বাউন্ডারির ভেতরে ফলজ কাঁঠাল গাছের চারা রোপণ করেন সাব-ইন্সপেক্টর বিদ্যুৎ পুরকায়স্থ।
দেশ যুব সংগঠনের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো: আকবুল শাহিদ শুকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য উজ্জ্বল মালাকার, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মো: মাসুক আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো: শাব্বির আহমদ, সহ-সভাপতি কাউসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: বিলাল আহমদ, কোষাধ্যক্ষ মো: আব্দুর রব, প্রচার সম্পাদক মো: নুমান আহমদ, কার্যকরী সদস্য মো: তাহির আলী ও মো: দেলোয়ার আহমদসহ উপদেষ্টা মো: আতাউর রহমান, মো: লুৎফুর রহমান, মো: মছলিছুর রহমান, মো: আব্দুল মালিক প্রমুখ।