প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ ১৯:৪০ (বৃহস্পতিবার)
সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী, একদিনে তিন গুরুত্বপূর্ণ কর্মসূচি

ছবি: সংগৃহীত

তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ আগস্ট (শনিবার) নিজ জেলা সিলেট সফরে আসছেন। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো।

সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি বিসিকের নবনির্মিত ‘ডিসপ্লে ও সেলস সেন্টার’ উদ্বোধন করবেন। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিসিক সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিমানবন্দরের কর্মসূচি শেষে দুপুর ১২টায় তিনি সিলেট সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। 

এরপর দুপুর ১টা ৪০ মিনিটে উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শাহপরান বাইপাস ও দক্ষিণ সুরমা এলাকায় প্রস্তাবিত ‘বিসিক-৩’ শিল্পনগরীর নির্ধারিত স্থান পরিদর্শন করবেন। এ সময় প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেবেন তিনি। মাঠপর্যায়ের কাজ তদারকি শেষে বিকাল ৪টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরুদ্দিন আহমেদ স্বাক্ষরিত সরকারি সফরসূচি অনুযায়ী, উপদেষ্টার সফরকে কেন্দ্র করে সিলেট সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, চেম্বার অব কমার্সসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করা হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।