ছবি: সংগৃহীত
সিলেটসহ সারাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের আওতায় থাকা সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দীর্ঘদিনের পুরনো কমিটিগুলো সংস্কারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে বিদ্যমান অধিকাংশ কমিটিই বেশ কয়েক বছর আগের, যা বর্তমানে বাস্তবসম্মত নয়। এমনকি অনেক কমিটির প্রজ্ঞাপন বা কার্যক্রমের সঠিক তথ্যও সংরক্ষিত নেই। এই পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিদ্যমান কমিটিগুলো দ্রুত পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বিশেষভাবে জোর দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে সকল অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে। এই তিন সদস্যের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এই সদস্যদের মনোনীত করবেন। বিশেষ করে চিঠির সঙ্গে সংযুক্ত ৯৮টি গুরুত্বপূর্ণ কমিটিসহ সব পর্যায়ের বিদ্যমান কমিটিগুলো এই প্রক্রিয়ার আওতায় আসবে।
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট মহলের মতে, তৃণমূল পর্যায়ে সরকারি কমিটির এই ব্যাপক সংস্কার স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করবে এবং সেবা প্রদানে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করবে।