প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ১৯:১০ (শুক্রবার)
সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায়

হুমায়ুন কবির

সিলেটের জন্য সুখবর নিয়ে আসছে নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও অভিজ্ঞ কূটনীতিক হুমায়ুন কবির পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথ পড়ানো হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ রাতে নতুন করে মোট পাঁচজন সদস্য মন্ত্রিসভায় শপথ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে সিলেটের কৃতী সন্তান ও বর্তমান সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম রয়েছে।

হুমায়ুন কবিরের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা সরকারের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

হুমায়ুন কবিরের পাশাপাশি আজ রাতে আরও শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নতুন এই মন্ত্রিসভা সম্প্রসারণের মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।