ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে র্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৯।
র্যাব জানায়, চুনারুঘাট এলাকা থেকে একটি কালো রঙের হাইএস গাড়িতে করে মাদক নিয়ে সিলেটের দিকে যাওয়ার সময় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে গাড়ির ভেতর প্লাস্টিকের বস্তা থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাটের হিরন মিয়া (২২), মো. বায়েজিদ মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জের মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া (২৩)।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা গাঁজা ও হাইএস গাড়ি নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।