ছবি: সংগৃহীত
সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে রিদয় আহমদ ওরফে ঝাড়ু (২৫) নামে চোরকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে মহানগর পুলিশের (এমএমপি) বিভিন্ন থানায় ছয়টি মামলা ও তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রিদয় আহমদ ওরফে ঝাড়ু সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকার নীলিমা-১২/২ নম্বর বাসার বাসিন্দা। তিনি মো. শুকুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রিদয় আহমদ কোতোয়ালী মডেল থানার দুটি চুরি মামলার সন্দিগ্ধ আসামি। এর মধ্যে কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-৩, তারিখ ৩ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারায় এবং মামলা নম্বর-১১, তারিখ ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার রিদয় আহমদ ওরফে ঝাড়ুর বিরুদ্ধে এমএমপির বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা এবং তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।