প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ২৩:১২ (শনিবার)
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন ছয়জন সদস্য যুক্ত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরপরই এই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করানো হয়।

শপথ নেওয়া ছয় সদস্যের মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এর আগে একই স্থানে সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণ ও মন্ত্রিসভার এই সম্প্রসারণ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। নতুন এই অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে।