প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ ১৩:৩১ (রবিবার)
ঢাকা মেডিকেলে হা/মলায় আহ/ত চিকিৎসককে দেখতে মহাপরিচালক, ন্যায়বিচারের আশ্বাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ সময় মহাপরিচালক আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর চিকিৎসা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। চিকিৎসকের ওপর এ ধরনের হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগও অব্যাহত রয়েছে।

মহাপরিচালক আরও বলেন, দায়িত্ব পালনকালে চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

একই সঙ্গে চলমান পরিস্থিতিতে চিকিৎসকদের ন্যায়সংগত দাবি ও প্রতিবাদের প্রতি সম্মান জানিয়ে তিনি আহ্বান জানান, রোগীদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।