সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে একজন হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার মোহাম্মদপুর দরকা গ্রামের ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৫)। বাকি ৩ জন একই পরিবারের সদস্য; তারা হলেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের গফুর মিয়ার ছেলে লেমত মিয়া, তার স্ত্রী অযুফা (২৬) এবং তাদের মেয়ে মারিয়া (৮)।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। তিনি বলেন, প্রাথমিকভাবে ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে প্রথমে একজন নারীকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।