প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ ২০:২৪ (রবিবার)
দুই বছরের মধ্যে জগন্নাথপুরে দৃশ্যমান উন্নয়ন হবে: এমপি কয়ছর আহমদ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে জগন্নাথপুরের দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন এলাকাবাসী।

শনিবার (২২ আগস্ট) দুপুরে জগন্নাথপুর পৌরশহরের শান্তিনগরের আলী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ কয়ছর আহমদ বলেন, ‘জগন্নাথপুর আর অবহেলিত থাকবে না। দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইতোমধ্যে জগন্নাথপুরের উন্নয়নে বড় কয়েকটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। উপজেলা ও পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক।’

জগন্নাথপুর পৌরশহরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এমপি বলেন, পৌরশহরে একটি শিশু পার্ক নির্মাণ করা হবে। এ গ্রেডের পৌরসভা হলেও পৌরবাসী কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। পৌরসভার উন্নয়নে কাজ চলছে।

পৌরসভার নিজস্ব আয়ের বড় কোনো খাত না থাকায় অচিরেই জগন্নাথপুর পৌরশহরে একটি আধুনিক পৌর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে স্থায়ীভাবে পশুর হাট বসানোর কথা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে কয়ছর আহমদ বলেন, ‘জনগণ আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছেন। তাই ভোটের মর্যাদা দিতে হবে। মানুষের পাশে থাকতে হবে এবং এলাকার উন্নয়নে কাজ করতে হবে।’

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মহান আল্লাহ মাদককে হারাম করেছেন, তাই কোনো অবস্থাতেই এই হারাম জিনিস সমাজে চলতে দেওয়া যাবে না।

তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের সঞ্চালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আরশ আলী। বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুজ্জান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখনসহ অনেকে।

এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম খসরু, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় পৌরশহরের ইকড়ছই ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে যোগ দেন এমপি মুহাম্মদ কয়ছর আহমদ। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন।