ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার কিছুক্ষণ আগে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানাবে প্রসিকিউশন। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিয়াস আলী গুমের ঘটনায় তদন্তে সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।