প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ ১৮:৫৬ (সোমবার)
সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

ছবি: আরিফুল হক চৌধুরী এমপি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ২৪ থেকে ২৬ আগস্ট সিলেট ও সুনামগঞ্জ সফর করবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, তিন দিনের এই সফরে তিনি কাতারে নিহত প্রবাসী কর্মীদের পরিবারের কাছে অনুদানের চেক হস্তান্তর, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন এবং নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব জিন কুমার সিংহ প্রেরিত বার্তায় জানানো হয়, সফরের প্রথম দিন ২৪ আগস্ট সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী কর্মীর পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন।

এরপর দুপুর ১২টায় সিলেটের নাইওরপুল এলাকায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে দুপুর দেড়টায় সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী।

বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান’ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলার বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এ কর্মসূচির স্থান সুনামগঞ্জ জেলা বিএনপি কর্তৃক নির্ধারিত বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।

সফরের শেষ দিন ২৬ আগস্ট বুধবার বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রীর এ সফরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সমন্বয় ও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।