প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ ১৯:২৬ (সোমবার)
ক্রীড়া কার্যক্রমের তথ্য পাঠাতে স্কুল-কলেজকে মাউশির নির্দেশ

ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতি মাসে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

এতে আরও বলা হয়, এ লক্ষ্যে মাউশির আওতাধীন স্কুল ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। মাউশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও প্রমাণকসহ মন্ত্রণালয়ে পাঠিয়ে থাকে।

এ অবস্থায় আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি মাসে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের প্রথম সপ্তাহে পূর্ববর্তী মাসে বাস্তবায়িত ক্রীড়া কার্যক্রমের তথ্য প্রমাণসহ পাঠাতে হবে। এ জন্য sports.phy72@gmail.com ই-মেইলে তথ্য পাঠানোর কথা বলা হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রমের তথ্য ও প্রমাণক পাঠাতে হবে।