প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ ১৯:৫৩ (মঙ্গলবার)
সিলেট বইমেলা: পৃষ্ঠপোষক সিসিকের ১০ হাজার টাকার চেক ফেরত

ছবি: সংগৃহীত

সিলেট বইমেলার পৃষ্ঠপোষকতা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিমাতাসুলভ আচরণে ক্ষোভ প্রকাশ করেছে ‘প্রকাশক পরিষদ সিলেট’। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে আয়োজিত এই মেলায় পৃষ্ঠপোষক হিসেবে সিসিক মাত্র ১০ হাজার টাকার অনুদান প্রদান করায় সেই চেকটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে ফেরত দিয়েছে সংগঠনটি।

গত ২০ জুন সিসিক প্রশাসকের কার্যালয়ে প্রেরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে প্রকাশক পরিষদ এই সিদ্ধান্তের কথা জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘সিলেট বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। নবীন-প্রবীণ লেখক ও শিশু-কিশোরদের উৎসাহিত করতে বই উপহারসহ আনুষঙ্গিক ব্যবস্থাপনায় মেলার মোট ব্যয় দাঁড়ায় প্রায় ছয় লাখ টাকা। সিসিককে মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রচার করা হলেও নামমাত্র অনুদান দেওয়ায় আয়োজকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজু ও সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ছয় লক্ষ টাকা ব্যয়ের একটি আয়োজনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্প-সংস্কৃতির বিকাশে স্থানীয় প্রশাসনের এমন সংকীর্ণ মানসিকতা ও কৃপণতা অত্যন্ত লজ্জাজনক।

পরিষদের নেতৃবৃন্দ আরও জানান, তারা নিয়মিত সিটি কর্পোরেশনের নিয়ম মেনে অগ্রিম আয়কর পরিশোধকারী ও লাইসেন্সধারী ব্যবসায়ী। ফলে আত্মসম্মান ও নীতিগত অবস্থান থেকে এই সামান্য অনুদান গ্রহণ না করে চেকটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিবাদের অংশ হিসেবে এই চিঠির অনুলিপি শিল্প, বাণিজ্য ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সিলেটের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গকে পাঠানো হয়েছে।

মেলার পৃষ্ঠপোষকতা নিয়ে এমন নজিরবিহীন ঘটনায় সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।