প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ ২০:২৫ (মঙ্গলবার)
সিলেটে ওয়ার্ডভিত্তিক ক্রীড়া অবকাঠামো তৈরির উদ্যোগ

ছবি: সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীর খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সিলেটসহ দেশের সিটি কর্পোরেশনগুলোতে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের জন্য জায়গা নির্ধারণের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকরাও অংশ নেন।

সভায় সিলেট নগরীসহ সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠ ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের নিজস্ব পরিকল্পনা এবং নতুন খেলার জায়গা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। নগরীর শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে প্রয়োজনীয় জায়গা চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট নগরীর জন্য এ উদ্যোগ বাস্তবায়িত হলে ওয়ার্ডভিত্তিক খেলাধুলার সুযোগ বাড়ার পাশাপাশি নগরীর তরুণ প্রজন্মের জন্য আরও ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।