প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ ২০:৫৫ (সোমবার)
ভারতে জেন-জির ক্ষোভ প্রশমনে বিজেপির বিশেষ রণকৌশল

ছবি: সংগৃহীত

ভারতের তরুণ প্রজন্ম তথা ‘জেন-জি’র পুঞ্জীভূত ক্ষোভ প্রশমিত করে তাদের সমর্থন আদায়ে বিশেষ রণকৌশল নিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০২৭ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার বিজেপির জাতীয় পদাধিকারীদের প্রথম বৈঠকে জেন-জি প্রজন্মের উদ্বেগ, প্রত্যাশা ও সমস্যাগুলো বোঝার জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ টিম গঠন করা হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নাবিনের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন দলের অভিজ্ঞ নেত্রী স্মৃতি ইরানি, সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি এবং ছত্তিশগড়ের মন্ত্রী ওপি চৌধুরীসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।

১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া জেন-জি ভোটারদের শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারি ব্যবস্থার প্রতি তৈরি হওয়া নেতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সরাসরি ধারণা নিতে কাজ করবে বিশেষ এই দল। তরুণদের সঙ্গে দলীয় নেতাদের সরাসরি মতবিনিময়ের জন্য নিয়মিত বৈঠকের ব্যবস্থাও করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ইস্যুতে ভারতে তরুণদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বিজেপি নেতৃত্বকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে প্রশাসনিক স্বচ্ছতা ও পরীক্ষাব্যবস্থা নিয়ে তরুণদের অসন্তোষ দলটির জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

এ পরিস্থিতিতে উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাবসহ ২০২৭ সালে অনুষ্ঠেয় সাত রাজ্যের বিধানসভা নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন নিশ্চিত করতে চাইছে বিজেপি। নতুন প্রজন্মের ভোটারদের মনোভাব বুঝে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং রাজনৈতিক অংশীদারিত্ব বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে দলটি।

শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির নবনিযুক্ত ৬৭ জন জাতীয় পদাধিকারীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। দলীয় সূত্রের বরাতে জানা যায়, তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি তরুণ ভোটারদের মন জয় করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জেন-জির অসন্তোষকে উপেক্ষা না করে তাদের উদ্বেগ ও প্রত্যাশাকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাই বিজেপির নতুন কৌশলের অন্যতম লক্ষ্য। আগামী বিধানসভা নির্বাচনে তরুণ ভোটারদের মন জয় করার এই উদ্যোগ কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।