সিলেটের জৈন্তাপুরে গেইটলক বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ড এলাকার মেইন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। আহতরা হলেন—ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজি চালিত অটোরিকশাযোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চিকনাগুল গ্যাস ফিল্ডের মেইন গেট এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাত জাহান তাসনিমের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর সিলেট মেট্রো-ব-১১-০০১৪ এবং সিএনজি চালিত অটোরিকশাটির নম্বর সিলেট-খ-১২-৫৯৭৮ বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।